নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের নৃবিজ্ঞান সপ্তাহ-২০১৬।
প্রতি বছরের ন্যায় এ বছরো সৃজনশীলতা প্রকাশের মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নৃবিজ্ঞান বিভাগের অ্যানথ্রোপলজি সোসাইটির আয়োজনে উদযাপিত হয় নৃবিজ্ঞান সপ্তাহ।
বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসের বৈশাখী বাগানে অনাঢ়ম্বর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সপ্তাহের শেষ হয়। এর আগে সমাপনী অনুষ্ঠানে বিভাগের ৭ম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ ও ১ম ব্যাচের বিদায় সংবর্ধনা দেয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ। অ্যানথ্রোপলজি সোসাইটির সাধারণ সম্পাদক এ কে এম সাইদুজ্জামান আসিফের উপস্থাপনায় এবং নৃবিজ্ঞান বিভাগের প্রধান এবং সোসাইটির সভাপতি আইনুল হকে সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আহসান উল্যাহ, রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার। নৃবিজ্ঞান সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্ট, দাবা, বিতর্ক প্রতিযোগিতা, হাড়ি ভাঙ্গা, ক্যারামসহ বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় টানা তিন বছর চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়ে বিভাগের তৃতীয় ব্যাচ। এ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, সাংবাদিক সমিতির নেত্রীবৃন্দ, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
