রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা সদরে দুর্বৃত্তদের গুলিতে মকবুল চাকমা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মকুল চাকমা নানিয়ারচর উপজেলার সদর বাজার থেকে টিএন্ডটি এলাকার দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তাকে এক দুর্বৃত্ত পিছন দিকে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থা গুরুতর হওয়াতে তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আনা হয়।
সূত্র জানায়, আহত মকুল চাকমা সম্প্রতি স্থানীয় আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপে যোগদান করেন। প্রতিহিংসার কারণে এ ঘটনা ঘটেছে বলে স্থানীরা ধারনা করছেন।
নানিয়ারচর থানার উপ-পরিদর্শক মো. শাহ জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
