প্রচণ্ড গরমের মধ্যে মাঝারি বৃষ্টিপাতে শুক্রবার বন্দর নগরীর জনজীবনের স্বস্তি এনে দিয়েছে। চট্টগ্রাম নগরী ও সংলগ্ন এলাকায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।
বিদ্যুৎচমক ও বজ্রপাত সহ শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই বৃষ্টি বিকেল ৬টা পর্যন্ত থেমে থেমে চলে। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত ১২ ঘণ্টায় ৬৫ দশমকি ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বৃষ্টিকে কৃষকদের জন্য আশীর্বাদ হিসেবে গণ্য করা হলেও এই বৃষ্টি কিছু মৌসুমি সবজির জন্য ক্ষতির কারণ হতে পারে। স্থানীয় আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
ফায়ার সার্ভিস, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, বন্দর নগরী এবং সংলগ্ন এলাকায় বৃষ্টিজনিত কোন দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। অন্যদিকে, চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, কোন ধরনের সমস্যা ছাড়াই বন্দরের কার্যক্রম অব্যাহত ছিল।
চট্টগ্রাম হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, বৃষ্টির কারণে নির্ধারিত ফ্লাইট পরিচালনায় কোন প্রভাব পড়েনি।
