ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদে স্থানীয় বখাটেরা চাঁদা না পেয়ে প্রবাসীর স্ত্রী, বোন ও বাবাকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় প্রবাসী আশিক এলাহির স্ত্রী বিবি আয়েশা রুমি (১৯), বোন নিশু (১৮), বাবা ডা. আবুল ফয়েজসহ ৪-৫জন আহত হন। তারা ফেনী ২৫০শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। তবে প্রবাসীর বোন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
আহত ডা. আবুল ফয়েজ জানান, স্থানীয় সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর লোকজন তাদের ওপর মারধর করেছে। তারা দীর্ঘ দিন ধরে তার কাছে বিভিন্নভাবে চাঁদা দাবি করে আসছে। তিনি বিভিন্ন মেয়াদে তা দিয়েছেনও। কয়েকদিন আগে আবার চাঁদা দাবি করলে তিনি তা দিতে অপরাগত প্রকাশ করেন। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা বৃহস্পতিবার তাকে পিটিয়ে গুরুতর আহত করে। তিনি ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি হন। শুক্রবার ভোরে তার বাড়ির লোকজনদের মারধর করে।
এদিকে ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ জানান, এসব ঘটনায় তার লোকজন জড়িত নয়। এটা তাদের সাজানো ঘটনা।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর বলেন, 'সোনাপুর গ্রামে প্রবাসীর স্ত্রী, বোন ও বাবাকে মারধর করেছে স্থানীয় বখাটেরা। মামলার প্রস্তুতি চলছে। তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে।'
