আজ কথাসাহিত্যিক শওকত ওসমানের মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৪ মে ২০১৬, ১৫:৩৬
 
আজ বাংলা সাহিত্যের অন্যতম কথাসাহিত্যিক শওকত ওসমানের ১৮তম মৃত্যুবার্ষিকী। সামপ্রদায়িকতা ও মৌলবাদবিরোধী এই লেখক আজন্ম শোষকের বিরুদ্ধে তার লেখনী অব্যাহত রেখেছিলেন। ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলী জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৯৮ সালের ১৪ মে তিনি মৃত্যুবরণ করেন।
 
তার রচিত ‘ক্রীতদাসের হাসি’ সর্বকালে স্বৈরশাসকের বিরুদ্ধে গণজাগরণের দিশারী। একই সাথে তার বহুল আলোচিত ‘জননী’ উপন্যাসটি ইংরেজিতে অনূদিত হয়ে বিশ্বসাহিত্যে স্থান করে নিয়েছে। জননী উপন্যাসে সামাজিক জীবন আর ক্রীতদাসের হাসিতে রাজনৈতিক জীবনের অন্ধকার দিক তুলে ধরেন তিনি। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত নেকড়ে অরণ্য গ্রন্থে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাংলার নর-নারীর নির্যাতনের করুণ বিবরণ উঠে এসেছে।
 
এছাড়া তার উল্লেখযোগ্য অন্যান্য উপন্যাসগুলো হচ্ছেঃ সমাগম, চৌরসন্ধি, রাজা উপাখ্যান, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, পতঙ্গ পিঞ্জর, আর্তনাদ, রাজপুরুষ। গল্পগ্রন্থগুলো হচ্ছেঃ জুনু আপা ও অন্যান্য গল্প, মনিব ও তাহার কুকুর, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী।
 
সাহিত্যে অবদানের জন্য তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একুশে পদক, মাহবুবউল্লাহ ফাউন্ডেশন, মুক্তধারা সাহিত্য পুরস্কার, স্বাধীনতা পুরস্কার প্রভৃতি।
 
মৃত্যুবার্ষিকী উপলক্ষে শওকত ওসমান স্মৃতি পরিষদ আজ বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার হলে এক স্মরণসভার আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করবেন ভাষাসংগ্রামী রবীন্দ্র গবেষক আহমদ রফিক।