ইটনায় নৌকা ডুবি: নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার

আপডেট : ১৪ মে ২০১৬, ১১:৫৮
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় হাওরে কালবৈশাখী ঝড়ের কবলে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে আব্দুল ওয়াহেদ (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
 
শনিবার সকাল নয়টার দিকে উপজেলার মৃগা ইউনিয়নের কাটিয়ারকান্দা হাওরে মৃতদেহটি ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে।
 
জানা গেছে, শুক্রবার বিকেলে ইউনিয়নের প্রজারকান্দা গ্রামের হজরত আলী পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে নৌকায় করে ইটনা সদর থেকে জয়সিদ্ধি যাচ্ছিলেন। পথে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে গেলে তিনি, তার ছেলে আব্দুল ওয়াহেদ ও তার শাশুড়ি হাজেরা খাতুন (৭০) নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর সকালে হাওরে ভাসমান অবস্থায় শিশুটির মৃতদেহ পাওয়া যায়। এখনো নিখোঁজ অপর দুইজনের সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।
 
মৃগা ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।