লিচু চুরি করতে গিয়ে তরুণের মৃত্যু

আপডেট : ১৪ মে ২০১৬, ১১:৩৫
চাঁপাইনবাবগঞ্জে লিচু চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে।
 
শনিবার ভোরে সদর উপজেলার স্বরুপনগর-বেলেপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত. শরিফুল ইসলাম শরিফ (১৮) সড়ক ও জনপথ বিভাগের কর্মচারী একরামুল ইসলামের ছেলে। সে শহরের স্বরুপনগরে সড়ক ও জনপথ বিভাগের কোয়ার্টারে থাকতেন।
 
মৃতের পরিবার জানায়, ভোরে বন্ধুদের সঙ্গে স্বরুপনগর-বেলেপুকুর এলাকার একটি গাছ থেকে লিচু পাড়ার চেষ্টা করছিলেন শরিফ। এ সময় গাছের মগডাল ভেঙে নিচে প্রাচীরের লোহার রডের উপর পড়েন তিনি। এতে তার বুকে রডবিদ্ধ হয়।
 
এ সময় গাছের মালিক টের পেয়ে তাদের তাড়া দিলে সবাই পালিয়ে যায়। তবে শরিফ কিছুদূর আসার পর এনএসআই অফিস এলাকায় রাস্তায় পড়ে মারা যায়।
 
পুলিশ জানায়, সকাল সাড়ে সাতটায় পুলিশ সংবাদ পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম জানান, তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।