নড়াইলে স্কুলছাত্রী হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২২:১৪

নড়াইল প্রতিনিধি    

নড়াইল সদর উপজেলার সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীসহ তিনজনকে হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে সোমবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।

সদর উপজেলার সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় সিংগা বাজারে মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর হোসেন মোল্যা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিত কুমার দত্ত, সহকারী প্রধান শিক্ষক রাজকুমার দে প্রমুখ।

উল্লেখ্য, বাজার শিঙ্গিয়া গ্রামের সাইদ বিশ্বাসের ছেলে রকিবুল ইসলাম মিঠু (ভিক্টোরিয়া কলেজে অনার্স প্রথম বর্ষ) একই গ্রামের রতন বিশ্বাসের মেয়ে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে (রাবেয়া) কোচিং এ পড়াতো। এর মধ্যে রাবেয়াকে প্রেমের প্রস্তাব দেয় বখাটে শিক্ষক মিঠু। সাড়া না দিয়ে বিষয়টি পরিবারকে জানালে গত ১৫ মার্চ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে রাবেয়াকে তুলে নিতে আসে মিঠুর আরো তিন ভাইসহ ৭/৮ জন। এসময় বাধা দিতে ছুটে আসে পাশের বাড়ির মনিরুলের ৮ বছরের মেয়ে হেনা। বখাটেরা তার গলায় ও বুকে ছুরি চালায়। একই সময়ে বাধা দিতে গিয়ে বখাটেদের উপর্যুপরি ছুরি ও কাটারির কোপে হাত ও পায়ের রগ কাটাসহ মারাত্মকভাবে আহত হন রাবেয়া ও তার দাদি জাহানারা। আহতদের ঢাকায় চিকিত্সা চলছে। এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ একজনকে গ্রেফতার করে।