মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দ্বিতীয় বিয়ে করায় পাঁচ বছর ধরে ‘একঘরে’ করে রাখা সেই নারীকে সমাজে ফিরিয়ে নেয়া হয়েছে।
শুক্রবার এক অনুষ্ঠানে বিজলী গ্রামের মুক্তেশ্বর দেবনাথের মেয়ে টপি দেবনাথকে নিমন্ত্রণ দিয়ে সমাজে ফিরিয়ে নেয়া হয়।
পুলিশ জানায়, গণমাধ্যমে তাকে ‘একঘরে করে রাখার খবর’ পেয়ে বিজলী গ্রামের হিন্দু সমাজপতিদের থানায় ডেকে পাঠানো হয়। আলোচনার পর তারা ভুল বুঝতে পেরে একটি ধর্মীয় অনুষ্ঠানে টপি দেবনাথকে নিমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে আবার সমাজে ফিরিয়ে নেয়।
সমাজপতি বিশ্বজিৎ দেবনাথ বলেন, ‘এখন থেকে টপির উপর আর কোনো সামাজিক প্রতিবন্ধকতা নেই।’
টপি দেবনাথ বলেন, ‘আজ নিজেকে মুক্ত মনে হচ্ছে। এত দিন যেন বন্দিদশায় ছিলাম।’
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
