সাশ্রয়ী গ্যালাক্সি সি৫ ও সি৭ নিয়ে কাজ করছে স্যামসাং

আপডেট : ১৪ মে ২০১৬, ১৫:২১
গ্যালাক্সি সি সিরিজের দুটি মডেলের ফোন নিয়ে কাজ করছে স্যামসাং। সম্প্রতি গ্যালাক্সি সি৫ ও গ্যালাক্সি সি৭ নামের এই ফোন দুটির তথ্য ফাঁস হয়েছে অনলাইনে। বাংলাদেশি মুদ্রায় ফোন দুটির দাম যথাক্রমে ১৭ হাজার ৬০০ এবং ২৩ হাজার ৪০০ টাকার মতো হবে বলে প্রত্যাশা প্রযুক্তিপ্রেমীদের।
 
অ্যান্ড্রয়েড হেডলাইন্সের তথ্যমতে, গ্যালাক্সি সি৫ ও গ্যালাক্সি সি৭-তে মেটাল ইউনিবডির ডিজাইন থাকবে। ডিভাইস দুটিতে যথাক্রমে ৫.২ এবং ৫.৭ ইঞ্চির স্ক্রিন থাকবে। দুই ফোনেই ১০৮০*১৯২০ পিক্সেল রেজ্যুলেশনের ফুল এইচডি ডিসপ্লে থাকবে।
 
সূত্রের খবরে প্রকাশ, ফোন দুটির হার্ডওয়্যার একই রকমেরই হবে, তবে ভিন্নতা থাকবে কেবল ডিসপ্লের আকারে।
 
অ্যান্ড্রয়েড মার্শম্যালো চালিত স্মার্টফোন দুটিতে ৬৪ বিটের স্ন্যাপড্রাগন ৬১৭ অক্টা-কোর প্রসেসর থাকবে। ৪জিবি র‍্যামের ফোন দুটিতে ৩২জিবি ইনবিল্ট স্টোরেজ, ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে।
 
সম্প্রতি গ্যালাক্সি ট্যাব এ-এর ১০.১ ইঞ্চি ডিসপ্লে সংস্করণ এনেছে স্যামসাং।
 
জার্মানির বাজারের জন্য নতুন এই গ্যালাক্সি ট্যাবলেটটি উন্মোচন করা হয়েছে। তবে কবে থেকে আন্তর্জাতিক বাজারে ডিভাইসটি পাওয়া যাবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যায়নি।
 
স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ ১০.১ ডিভাইসটি দুটি সংস্করণে পাওয়া যাবে। এর মধ্যে একটি ওয়াই-ফাই সংযোগ সমর্থন করবে, যার মূল্য ২৮৯ ইউরো। অন্যটি এলটিই নেটওয়ার্ক সমর্থন করবে, যার মূল্য ৩৪৯ ইউরো। ফোরজি সিম সাপোর্ট অপশন ছাড়া দুই ডিভাইসে আর বিশেষ কোনো পার্থক্য নেই।
 
অ্যান্ড্রয়েড মার্শম্যালো অপারেটিং সিস্টেমভিত্তিক গ্যালাক্সি ট্যাব এ-এর নতুন এই সংস্করণে ১৯২০–১২০০ পিক্সেল রেজ্যুলেশনের টিএফটি ডিসপ্লে রয়েছে। এতে ১ দশমিক ৬ গিগাহার্টজের অক্টা-কোর প্রসেসর জুড়ে দেয়া হয়েছে।
 
২ গিগাবাইট র‍্যামের এ ডিভাইসে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২০০ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
 
এতে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার পাশাপাশি আছে ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
 
ট্যাবলেটটিতে ৭৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।