ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এ বিষয়ে প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
চট্টগ্রাম:নগরীর কোতোয়ালী থানার আলমাস সিনেমা হলের সামনে তিন নম্বর বাসের ধাক্কায় জিয়াউল হক (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি বাঁশখালীর ছনুয়া জমিদার বাড়ি এলাকায়। তার পিতার নাম মোজাফফর হক। তিনি এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে কাজ করতেন।
বরিশাল : নগরীর হরিনাফুলিয়া এলাকায় মালবাহী ট্রলির চাপায় বিভা রানী (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত দুই সন্তানের জননী বিভা রানী ওই এলাকার কৃষ্ণ কান্তর স্ত্রী। স্থানীয় ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবির জানান, সোমবার সকালে একটি মালবাহী ট্রলি হরিনাফুলিয়ার কালীখোলার পোল নামক এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী বিভা রানীকে চাপা দেয়। এতে বিভা রানী গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয়রা শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ :ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় বাস চাপায় আব্দুর রহমান (৭০) নামের বাইসাইকেল আরোহী বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান সদর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত কাঙালী শামার ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) : কুমিল্লার চান্দিনায় বাস চাপায় আব্দুল হাকিম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। সোমবার সকাল সোয়া ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন বড়গোবিন্দপুর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম চান্দিনা উপজেলার রারিরচর এলাকার মৃত আব্দুল জাব্বারের ছেলে।
ভুঞাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর উপর বাসের ধাক্কায় মাসুদ (২৮) নামের এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। সে সিরাজগঞ্জ সদর উপজেলার দত্তপাড়ার বেলাল হোসেনের ছে?লে। রবিবার রাত সাড়ে নয়টার দিকে বঙ্গবন্ধু সেতুর দক্ষিণ লেনের ১৮ নং পিলারের নিকট এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, রাত সাড়ে নয়টার দিকে উত্তরবঙ্গগামী সোনারতরী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরের চালক ঘটনাস্থলে নিহত হয়।
