আইসিপিসির বিশ্ব প্রতিযোগিতায় লড়বে জাবির ৩ শিক্ষার্থী

আপডেট : ১৪ মে ২০১৬, ১৬:২৫
থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল কলিজিয়েট প্রোগ্রামিং (ACM ICPC) কনটেস্টের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করতে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী।
 
আগামী ১৫-২০ মে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীদের  দল ‘জেইউওএনকিউব’।
 
প্রতিযোগীরা হলেন, মো. নাফিস সাদিক (এমএসসি ১ম সেমিস্টার, আইআইটি), নীলয় দত্ত (এমএসসি ১ম সেমিস্টার, আইআইটি) এবং রায়হাত জামান নীলয় (এমএসসি ১ম সেমিস্টার, সিএসই)।
 
প্রতিযোগিতায় কোচ এবং কো-কোচ হিসেবে প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন বিশ্ববিদ্যালয়র আইআইটি বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কেএম আক্কাস আলী এবং প্রাক্তন ভারপ্রাপ্ত পরিচালক ফজলুল করিম পাটোয়ারি।
 
প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনালে অংশ নেয়ার  আগে অংশগ্রহনকারী দেশগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে যারা ভালো করে তারাই ফাইনালে অংশগ্রহণের সুযোগ লাভ করে।
 
২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় প্রতিযোগিতায় জাবির এ দল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। একেক বছর একেক দেশে এ প্রতিযোগিতার ভেন্যু নির্ধারিত হয়। এসিএম-আইসিপিসি’র এবারের প্রতিযোগিতার হোস্ট হিসেবে থাকছে থাইল্যান্ডের ফুকেটে অবস্থিত প্রিন্স সংকলা বিশ্ববিদ্যালয়। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের ১২৮ টি দল প্রতিযোগীতায় অংশ গ্রহণ করবে।