স্মার্টফোন অ্যাপে মিলবে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা

আপডেট : ১৪ মে ২০১৬, ১৫:১৭
যারা নিয়মিত রক্তচাপ ও ব্লাড সুগার টেস্ট করাতে ভুলে যান বা যাদের নিয়মিত ঔষধ সেবনের কথা মনে থাকে না তাদের জন্য আছে সমাধান, ‘মেডিসিফাই’। এই চিকিৎসা বিষয়ক স্মার্টফোন অ্যাপে ওষুধ সেবনের সব তথ্য, চিকিৎসকের সঙ্গে অ্যাপয়নমেন্টের তথ্য সংরক্ষণ করে রাখতে পারবেন ব্যবহারকারীরা। রক্তচাপ ও রক্তের শর্করার পরিমাণ নিয়মিত মেপে সে তথ্যও রাখা যাবে। শুধু তাই নয়, যখন যে তথ্যের দরকার হবে তা সময়মতো স্মার্টফোনের স্বয়ংক্রিয় অ্যালার্মের মাধ্যমে ব্যবহারকারীকে জানিয়ে দেবে মেডিসিফাই। 
 
অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা অ্যাপটি ফেব্রুয়ারিতে বাজারে এসেছে। মেডিসিফাইয়ের স্ক্রিনটি সহজবোধ্য ও সুন্দর। ইংরেজিতে মেনু হলেও প্রতিটি আইকনে আছে ছবি। ফলে সহজে যে কেউ বুঝতে পারবে কোনটায় কোন তথ্য রয়েছে কিংবা কোনটার কি কাজ। শুধু নিজের বা প্রিয়জনের স্বাস্থ্য ও  চিকিৎসা বিষয়ক তথ্য যে রাখা যাবে তা নয়, পোষা প্রাণীর চিকিৎসার সব তথ্যও এতে সংরক্ষণ করা যাবে।
 
আইফোন বা অ্যান্ড্রয়েড ফোনে মেডিসিফাই অ্যাপটি ইন্সটল করে ওপরে ডানদিকের মেনু থেকে রোগী ও পোষা প্রাণীর তথ্য যোগ করা যাবে।‘পেশেন্ট’ নির্বাচন করে জন্ম তারিখ, রক্তের গ্রুপ লিখে রোগীর প্রোফাইল বানানো যাবে। প্রয়োজনীয় ফোন নম্বরও এতে রাখা যায়। এছাড়া এসএমএস নোটিফিকেশন পাওয়ার জন্য মোবাইল নম্বর দিয়ে সক্রিয় করতে হবে। একজন না একাধিক রোগীর তথ্য রাখা যাবে অ্যাপটিতে।
 
 পোষা প্রাণীর ক্ষেত্রে একটি মেন্যু থেকে পেট মেডিসিন নির্বাচন করে পোষা প্রাণীর ওষুধের তথ্য যোগ করা যাবে এবং কোন সময় কোন ওষুধ খাওয়াতে হবে তা লিখে দিলে অ্যালার্মের মাধ্যমে মালিক তা জানতে পারবেন।
 
 মেডিসিফাইয়ের মূল মেনু সাতটি। ছোট বৃত্তে সাতটি মেনু “ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট অ্যালার্ম, ভ্যাক্সিনেশন অ্যালার্ম, মেন্যুস্ট্রেয়েশন অ্যালার্ম, ল্যাব টেস্ট ডেট অ্যালার্ম, মনিটরিং, এমারজেন্সি কল ও মেডিসিন অ্যালার্ম। এসব মেনুতে তথ্য যোগের নিয়ম একই।
 
যেমন ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট অ্যালার্মে ডাক্তারের সঙ্গে কবে দেখা করতে হবে তা লিখে দিতে হবে। রোগীর নাম, ডাক্তারের নাম, তাঁর অভিজ্ঞতা, ঠিকানা, ফোন নম্বর লেখার ঘর নোট নামের ঘরে দরকারি কোনো তথ্য লিখে রাখতে পারবে ব্যবহারকারী। রিমাইন্ডারে গিয়ে কবে কখন অ্যাপয়েন্টমেন্ট সেই তারিখ ও সময় ক্যালেন্ডারের সাহায্যে শুধু আঙুল ছুঁয়ে নির্ধারণ করতে হবে। এরপর অ্যালার্ম সেট করলেই মূল কাজ শেষ। এই তথ্য সেভ, রিসেট (নতুন করে তথ্য দেওয়া) ও ডিলিট (মুছে ফেলা) করার অপশন আছে নিচের বারে।
 
একাধিক ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট একই জায়গাতেই রাখা যাবে। অ্যাপয়েন্টমেন্টের আগে নির্দিষ্ট সময়ে অ্যালার্ম দিয়ে ব্যবহারকারীকে জানিয়ে দেবে মেডিসিফাই।