মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
মোরেলগঞ্জ উপজেলা ফেরিঘাট এলাকায় লোকমান মাঝি নামে এক পান ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারী সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।
জানা গেছে, পৌরসভার বারইখালী ১ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আছমত আলী মাঝির ছেলে লোকমান মাঝির সাথে প্রতিবেশী ইউনুছ হাওলাদারের বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব চলছিল। সোমবার দুপুর ১২টার দিকে এ দ্বন্দ্বের জের ধরে ইউনুছ হাওলাদারের বেধড়ক মারপিটে মারা যায় লোকমান মাঝি। মারপিটে আহত হয়েছে স্ত্রী নেহেরু বেগম।
ইউনুছ বারইখালী ইউনিয়নের সুতালড়ী গ্রামের সুলতান হাওলাদারের ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার ও ঘাতক ইউনুছকে আটক করেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ঘাতক সন্দেহে ইউনুছকে আটক করা হয়েছে।
