বজ্রপাতে দুই দিনে সারাদেশে ৬৮ জনের মৃত্যু

আপডেট : ১৫ মে ২০১৬, ১৭:৩২
গত দুই দিনে বজ্রপাতে সারাদেশে ৬৮ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে শুক্রবার বিভিন্ন জেলায় ১৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল রাজবাড়ীতে পৃথক বজ্রপাতে তিন কৃষক মারা গেছেন। গাইবান্ধায়, টাঙ্গাইল, জয়পুরহাট, নওগাঁ ও সুনামগঞ্জে দুইজন করে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার সারাদেশে বজ্রপাতে মারা যায় ৫১ জন।
 
রাজবাড়ী প্রতিনিধি ও পাংশা সংবাদদাতা জানান, দুপুরে রাজবাড়ীর কালুখালী ও গোয়ালন্দে বজ্রপাতে তিন কৃষক মারা গেছেন। গোয়ালন্দ উপজেলার ভাগুলপুর গ্রামে বজ্রপাতে আরো তিনজন আহত হয়েছেন। তাদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে।
 
নড়াইলের পল্লীতে বজ্রপাতে নারীসহ দু’জন মারা গেছেন। সন্ধ্যায় লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদাহ গ্রামে এ ঘটনা ঘটে।
 
সকালে মাঠে কাজ করার সময় বজ্রপাতে গাইবান্ধার সদর উপজেলায় সিরাজুল ইসলাম সিরাজ (৬০) ও রেজাউল করিম (৫০) নামে দুজন মারা গেছেন।
 
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, শুক্রবার দুপুরে বজ্রপাতে ভূঞাপুর উপজেলায় দুই শিক্ষার্থী মারা গেছে। বজ্রপাতের সময় উভয়ে নিজ বাড়িতে ছিল। পরিবারের লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তাদের মৃত বলে জানান।
 
জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাট সদর ও ক্ষেতলাল উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় গতকাল দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
 
নওগাঁর পারশায় আম কুড়াতে গিয়ে ইব্রাহিম হোসেন (১৪) নামের এক কিশোর ও মহাদেবপুরে মাঠে কাজ করার সময় শচীন মুহূরী (৪৮) নামের এক কৃষক বজ্রপাতে মারা যান।
 
সুনামগঞ্জের জগন্নাথপুরে আমির উদ্দিন (৩০) ও আব্দুস সামাদ (১৩) নামের দুজন মারা গেছেন। যশোর অফিস জানায়, বজ্রপাতে যশোরে ইয়ার আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার স্ত্রী আলেয়া বেগম (৬৫)। শহরের বারান্দিপাড়া এলাকায় অপর একটি বজ্রপাতের ঘটনায় আলাউদ্দিন বিশ্বাসের স্ত্রী নাজমা বেগম (৪৫) আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
শুক্রবার সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার কাপসহাটি গ্রামে বজ্রপাতে বনি শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবারের বজ্রপাতে নিহতের সংখ্যা বেড়ে ৫১
 
এর আগে গত বৃহস্পতিবার বজ্রপাতে সারা দেশে ৪১ জন মারা যাওয়ার খবর পাওয়া যায়। বিলম্বে পাওয়া খবর থেকে আরো ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। সব মিলিয়ে বৃহস্পতিবার বজ্রপাতে মৃতের সংখ্যা ৫১।