বুলগেরিয়ায় অনুষ্ঠেয় গ্লোবাল উইমেন লিডারস ফোরামে যোগ দিতে রবিবার লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে দুই দিন অবস্থানের পর বুধবার থেকে শুক্রবার বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় উইমেন লিডারস ফোরামে অংশ নেবেন তিনি।
ওই ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম। বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার নারী নেতারা উইমেন লিডারস ফোরামে অংশ নেবেন।
শেখ হাসিনা রবিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা হবেন বলে প্রধামন্ত্রীর কার্যালয় জানিয়েছে। সেখান থেকে বুধবার স্থানীয় সময় দুপুর সোয়া একটায় সোফিয়ায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকালে বুলগেরিয়ার প্রেসিডেন্ট রোসেন প্লেনেলিয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।
বিকালে উইমেন লিডারস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন। রাতে ইউনেস্কো মহাসচিব ইরিন বোকোভার দেওয়া নৈশভোজে অংশ নেবেন তিনি। শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক করবেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভ। বৈঠকের পর চুক্তি হওয়ার কথা রয়েছে।
শেখ হাসিনা শুক্রবার রাতে সোফিয়া থেকে রওনা হয়ে শনিবার সকালে ঢাকা পৌঁছাবেন।
খবর বিডিনিউজের।
