গাইবান্ধা জেলা কারাগারে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিকে ইয়াবা সরবরাহকালে ১০০ পিস ইয়াবাসহ রোকনুজ্জামান রোকন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেল ৪টার দিকে গাইবান্ধা জেলা কারাগারের গেট থেকে তাকে আটক করা হয়।
রোকনুজ্জামান গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম রাধা কৃষ্ণপুর গ্রামের রফিকুদ্দৌলার ছেলে।
গাইবান্ধা জেলা কারাগারের জেলার মাসুদার রহমান জানান, কিছুদিন ধরে সদর উপজেলার মুন্সিপাড়া গ্রামের সৈকত মিয়া নামে এক মাদক বিক্রেতা মাদক মামলায় জেলা কারাগারে রয়েছে। রোকনুজ্জামান বিকেলে সৈকতের সঙ্গে দেখা করার জন্য জেলগেটে কারারক্ষির কাছে অনুমতি চান। পরে তার চলন সন্দেহ হলে কারা পুলিশ তার শরীর তল্লাশি করে ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করে।
গাইবান্ধা সদর থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, রোকনুজ্জামানের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
