আইনমন্ত্রী আনিসুল হক অভিযোগ করেছেন, 'পাকিস্তান বিহারী নামে পরিচিত আটকে পড়া অবাঙ্গালীদেরকে ফিরিয়ে না নিয়ে ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি ভঙ্গ করেছে।'
'পাকিস্তান ১৯৭৪ সালের চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে আটকে পড়া বিহারীদের ফিরিয়ে নিতে বাধ্য ছিল। অথচ দশকের পর দশকেও তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি।' আইনমন্ত্রী ঢাকা, দিল্লী এবং ইসলামাবাদের যৌথ স্বাক্ষরিত চুক্তি সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, 'বাংলাদেশ চুক্তি অনুযায়ী পরাজিত পাকিস্তানি সৈন্যদের দেশে ফিরে যাবার অনুমতি দিয়েছে এবং পাকিস্তানি সৈন্যদের পক্ষ নিয়ে নৃশংসভাবে মানবতার বিরুদ্ধে অপরাধকারীদের বিচার সম্পন্ন করে কোন দিক থেকেই চুক্তি লঙ্ঘন করেনি।'
১৯৪৭ সালে দেশ বিভাগের পর পূর্ব পাকিস্তানে আগত হাজার হাজার উর্দু ভাষী মুসলিম ১৯৭১ সাল থেকে বাংলাদেশে অস্থায়ী বিহারী ক্যাম্পে অবস্থান করছে। তারা দশকের পর দশক ধরে পাকিস্তানে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছে। অথচ ইসলামাবাদে সবগুলো সরকার তাদেরকে ফিরিয়ে নিতে অস্বীকার করছে। যুদ্ধাপরাধীর বিচার সম্পর্কে ইসলামাবাদের অতিসাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে আইন মন্ত্রী এ মন্তব্য করেন।
দেশের নাগরিকদের মধ্যে ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেয়ার পর থেকেই ইসলামাবাদ বারবার অভিযোগ করেছে যে, 'বাংলাদেশ ১৯৭৪ সালে স্বাক্ষরিত চুক্তির আলোকে বিচার প্রক্রিয়া না চালানোর অঙ্গীকার সমুন্নত রাখতে ব্যর্থ হয়েছে।'
উল্লেখ্য, ১৯৭১ সালের যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করার পর ইসলামাবাদ সর্বশেষ এক বিবৃতিতে উল্লেখ করেছে যে, '১৯৭৪ সালের চুক্তি অনুযায়ী, বাংলাদেশ সরকার ক্ষমার পদক্ষেপ হিসেবে বিচার না করতে সিদ্ধান্ত নিয়েছিল। পাকিস্তানের পার্লামেন্টে এই ফাঁসি কার্যকর করার বিষয়ে একটি নিন্দা প্রস্তাবও গ্রহণ করেছে।' বিবৃতিতে আরো বলা হয়, নিজামীর একমাত্র অপরাধ ছিল পাকিস্তানের সংবিধান ও আইন সমুন্নত রাখা। খবর- বাসস।
