'দেশের অগ্রগতির লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে'

আপডেট : ১৫ মে ২০১৬, ১৭:২৯
দেশের উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।'
 
শনিবার বিকেলে শেরপুরে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বাঘবেড় ইউনিয়নের সন্ন্যাসীভিটা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন মঞ্জু এ কথা বলেন।
 
এর আগে মন্ত্রী স্থানীয় চেল্লাখালী নদীর ওপর নবনির্মিত রাবার ড্যাম বাঁধ উদ্বোধন করেন। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে এ রাবার ড্যাম বাঁধ নির্মাণ করা হয়।
 
এ সময় পরিবেশ ও বনমন্ত্রী বলেন, 'বাংলাদেশের উন্নয়ন বাজেট এখন এক লাখ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। কয়েক বছর আগেও যেখানে বাংলাদেশে বাজেট হতো ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা।'
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মবিশ্বাস ও দৃঢ়তার কথা উল্লেখ করে পরিবেশ ও বনমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন কারো কাছে হাতপাতা ও তাঁবেদারি করা যাবেনা।'