জন্মের পর থেকে পৃথিবীর আলো দেখতে পায়নি জয়পুরহাটের বিলকিস ও লিপসি। কিন্তু অদম্য ইচ্ছাশক্তি দিয়ে অন্ধত্বকে জয় করে শিক্ষার আলো জ্বেলে এগিয়ে চলছে তারা। বুধবার ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফলে বিলকিস খাতুন জিপিএ-৪ এবং লিপসি খাতুন জিপিএ-৪.১১ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। উভয়েই জেলার সামাজিক চক্ষু পরিচর্যা ও পুনর্বাসন কেন্দ্রের তত্ত্বাবধানে খনজনপুর মিশন বালিকা বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। সদরের রামদের বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একটি আলাদা কক্ষে তাদের পরীক্ষা নেয়ার ব্যবস্থা করে কেন্দ্র কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী পরীক্ষায় প্রতিবন্ধীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হয়। বিলকিসকে শ্রুতি লেখক হিসাবে সহযোগিতা করেছেন খনজনপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র শাকিব হোসেন এবং লিপসি খাতুনকে শ্রুতি লেখক হিসাবে সহযোগিতা করেছেন জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী প্রমি শেখ। এর আগে জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে বিলকিস ৩.৫ এবং লিপসি ৪.৫ পেয়েছিল।
পিতা-মাতার আদর-স্নেহ, শিক্ষকদের সহযোগিতা ও দৃঢ় মনোবল তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানান বিলকিস ও লিপসি।
