দিনাজপুরের ঝুঁকিপূর্ণ ঢেপা নদীর ব্রিজটি বিপজ্জনক

আপডেট : ১৫ মে ২০১৬, ০০:৪২
জীবনের ঝুঁকি নিয়ে ২৯ বছর ধরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মানুষ ঢেপা নদীর ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়ে শত শত যানবাহন নিয়ে পারাপার হচ্ছেন। যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারাতে পারেন অসংখ্য মানুষ।
 
বীরগঞ্জ উপজেলা দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর শাখা ঢেপা নদী বীরগঞ্জ-দেবীগঞ্জ রাস্তায় ইংরেজ শাসনামলে খেয়াঘাটের মাধ্যমে গরুর গাড়ি, মহিষের গাড়ি ও মানুষ পারাপার হয়ে খানসামা বন্দর ও দেবীগঞ্জের বাহাদুর ফেরিঘাট হয়ে নদীপথে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহরে ব্যবসা-বাণিজ্য করতো। জনগণের ভোগান্তির কারণে ১৯৫০ সালে তত্কালীন সরকারের সময় ঢেপা নদীতে জেলা পরিষদের অর্থায়নে ৩০ মিটার ব্রিজ নির্মাণ করা হয়। মুক্তিযুদ্ধের সময় পাক সেনারা ব্রিজটি উড়িয়ে দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়।
 
১৯৮৭ সালের ভয়াবহ বন্যায় পঞ্চগড়ের জিরো পয়েন্ট থেকে শুরু করে দেশে হাজার হাজার ব্রিজ ধ্বংস হলেও ঢেপা নদীর ব্রিজটি একদিকে হেলে পড়লেও ধ্বংস হয়নি। ভয়াবহ বন্যার পর থেকে ঢেপা ব্রিজটি পুনর্নির্মাণের দাবি তোলা হয়। এই ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়ে প্রতিদিন অসংখ্য বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা-ভ্যান, অটোরিক্সা, ভটভটি, প্রাইভেটকার, মাইক্রোবাস, এ্যাম্বুলেন্স, মিনিবাস, কোচসহ ভারি যানবাহন চলাচল করে মৃত্যুর ঝুঁকি নিয়ে। ব্রিজটির উপরের অংশে রয়েছে অসংখ্য ভাঙন, যা প্রতিবছর সংস্কার করে চলাচলের ব্যবস্থা করে সড়ক ও জনপথ বিভাগ। মাঝে-মধ্যে লোকজনকে ব্রিজটি মাপামাপি করতে দেখা গেলেও আজ পর্যন্ত পুনর্নির্মাণ করা হয়নি।