বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে গলা কেটে হত্যার ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন মিয়ানমারের নাগরিক বলে জানিয়েছে পুলিশ।
ওসি আবুল খায়ের জানান, নিহত ভিক্ষুর বড় ছেলে চিংসাউ চাক শনিবার রাতে নাইক্ষ্যংছড়ি থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতার তিনজন হলেন- ছামং চাক (৩২), জিয়া (২৫) ও রহিম (২৬)।
ওসি আবুল খায়ের জানান, শনিবার গভীর রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উল্লেখ্য, শুক্রবার রাতে মন্দিরে গলাকেটে হত্যা করা হয় চাকপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মং শৈ উ’কে (৬০)।
ওসি বলেন, উপজেলার কিতার পাড়া থেকে রহিম ও জিয়াকে এবং চাক পাড়া থেকে ছামং চাককে আটক করা হয়। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহিম ও জিয়া বলেছে, তারা রোহিঙ্গা। ছামং চাকের বাড়ি নাইক্ষ্যংছড়িতে বলে জানিয়েছে সে। তবে ছামং চাকও মিয়ানমারের নাগরিক বলে চাক পাড়ার কারবারি (গ্রাম প্রধান) অংঞো থোয়াই চাক ও স্থানীয়রা দাবি করেছেন।
