রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত থেকে তাকে পাওয়া যাচ্ছে না এবং তার মুঠোফোন বন্ধ রয়েছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়ন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের নিখোঁজ রহমতুল্লাহ নামের মাদার বখ্শ হলের ১০৭ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী।
এ ঘটনায় গত শনিবার রাত ১১টায় নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নুরুল আলম। ওই শিক্ষার্থীর বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজলোর মাগুরা গ্রামে। তার বাবার নাম মোসলেম উদ্দিন।
হল সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে অসুস্থ এক স্বজনকে দেখতে যাওয়ার কথা বলে নিজ রুমে থেকে বের হয়ে যান রহমতুল্লাহ। রাতে রুমে না ফেরায় তার সহপাঠীরা মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পান। পরে গত শনিবার তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায় নি।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, ‘নিখোঁজ হওয়া ছাত্রের বিভাগের একজন শিক্ষক রাতে জিডি করেছেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’
