নরসিংদীর রায়পুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নৌকা প্রতীকের বিপক্ষে কাজ করার অভিযোগে পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল মোল্লাকে বহিষ্কার করেছে পৌর কমিটি।
শনিবার বিকালে রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটরিয়ামে পৌর আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুস ছাদেকসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মাহবুব আলম শাহীন বলেন, নৌকার বিপক্ষে ও দলের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করায় বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে রেজুলেশনের মাধ্যমে সাধারণ সম্পাদক জামাল মোল্লা ও তার বড় ভাই পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুল লতিফ মোল্লাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সাধারণ সম্পাদক মো. জামাল মোল্লা বলেন, পৌরসভা আওয়ামী লীগের বর্ধিত সভায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বহিষ্কার করার নিয়ম নেই। তবে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় দুই তৃতীয়াংশ জনমতের ভিত্তিতে বহিষ্কারের সুপারিশ করতে পারে।
উল্লেখ্য, আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে রায়পুরা পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- আওয়ামী লীগ সমর্থিত (নৌকা প্রতীক) উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল হোসাইন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (মোবাইল ফোন) পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল মোল্লা, বিএনপি সমর্থিত (ধানের শীষ) বর্তমান মেয়র আব্দুল কুদ্দুছ মিয়া, ইসলামী আন্দোলন (হাতপাখা) মো. শিপন মোল্লা ও স্বতন্ত্র (নারিকেল গাছ) আব্দুল হাই মাস্টার।
