নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ১৭ জুলাই দিন ধার্য করেছে আদালত।
রবিবার মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এদিন মির্জা ফখরুল শারীরিকভাবে অসুস্থ থাকায় আদালতে হাজির হতে না পারায় তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন।
২০১৩ সালের ২ মার্চ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
