রিজার্ভ চুরির ঘটনায় সুইফটকে দায়ী করলেন ড. ফরাসউদ্দিন

আপডেট : ১৫ মে ২০১৬, ১৪:১৪
 
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থের জন্য সুইফটকে দায়ী করলেন ড. ফরাসউদ্দিন। রিজার্ভ চুরির ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটির প্রধান হিসেবে তিনি বলেছেন, সুইফট আরটিজিএফের সঙ্গে সংযোগ দেওয়ার ফলে এটি ঘটেছে। সুইফট নিজেই তাদের সার্ভার ২৪ ঘণ্টা চালু রাখার ব্যবস্থা করেছিল। এতে এই অর্থ চুরি হয়ে গেছে।
 
রবিবার বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ব্রিফিংকালে ড. ফরাসউদ্দিন এ কথা বলেন। প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দুটি দেশের হ্যাকাররা রিজার্ভ চুরির জন্য বিশেষ একটি ম্যালওয়্যার তৈরি করেছে বলে আমরা জেনেছি। এর মাধ্যমে এই অর্থ চুরি করা সম্ভব হয়েছে।
 
এই ক্ষেত্রে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক (ফেড নিউইয়র্ক) দায়িত্বশীল আচরণ করেনি বলেও অভিযোগ করেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অসতর্কতা, অসাবধানতা, অজ্ঞতা ও দায়িত্বহীনতাকেও দায়ী করেছেন সাবেক গভর্নর।