ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, 'শিক্ষক ও শিক্ষার্থীদের মেধার চর্চা, লালন ও স্বীকৃতি দেওয়া বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। একই সঙ্গে তাদেরকে শিক্ষা ও গবেষণায় উৎসাহিত করাও আমাদের দায়িত্ব ও কর্তব্য।'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে কৃতী শিক্ষার্থী এবং শিক্ষকদের এ্যাওয়ার্ড প্রদানকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উপাচার্য ছাত্র-ছাত্রীদের প্রতি সমানতালে শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, 'দেশের সাধারণ মানুষের কথা এবং বঙ্গবন্ধু ও ৩০ লক্ষ শহীদের ইতিহাস মনে রেখে দেশে ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার মানসিকতা গড়ে তুলতে হবে।'
শিক্ষা-দীক্ষায় এবং সমাজের সর্ব ক্ষেত্রে গ্রাম-গঞ্জের মেয়েদের এগিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা-চেতনা এবং বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন উপাচার্য।
বিভিন্ন শিক্ষাবর্ষে বিএস সম্মান পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ এন্ড অনুষ্ঠানে এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদভুক্ত ২টি বিভাগের ১৩জন মেধাবী শিক্ষার্থীকে এবং অসাধারণ গবেষণার জন্য ৪জন শিক্ষককে এক অনুষ্ঠানের মাধ্যমে 'ডিনস্ এ্যাওয়ার্ড' প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ১০ জন ছাত্রী এবং ৩ জন ছাত্র এই এ্যাওয়ার্ড লাভ করেন।
আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং অধ্যাপক ড. ম এনামুল হক সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
