তনুর ডিএনএ রিপোর্ট পেতে চিঠি

আপডেট : ১৫ মে ২০১৬, ২০:৩৩
কুমিল্লায় কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ডিএনএ প্রতিবেদন পেতে মামলার তদন্ত সংস্থা সিআইডি ও আদালতকে চিঠি দিয়েছে দ্বিতীয় ময়নাতদন্তের জন্য গঠিত মেডিকেল বোর্ড।
 
রবিবার কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. কামদা প্রসাদ সাহা এ চিঠি প্রেরণ করেন।
 
জানা গেছে, গত ২০ মার্চ রাতে সোহাগী জাহান তনুর লাশ কুমিল্লা সেনানিবাসের পাওয়ার হাউজ এলাকার পাশের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়। পরদিন এ ঘটনায় তনুর পিতা ইয়ার হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ ও ডিবির পর বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি। গত ৩০ মার্চ কবর থেকে তনুর লাশ উত্তোলন করে দ্বিতীয় দফায় ময়নাতদন্ত করা হয় এবং ডিএনএ আলামত সংগ্রহ করা হয়। এদিকে সোহাগী জাহান তনুর ডিএনএ প্রতিবেদন পেতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীমের নিকট চিঠি প্রেরণ করা হয়েছে।
 
তনুর দ্বিতীয় ময়নাতদন্তের জন্য গঠিত ৩ সদস্যের মেডিক্যাল বোর্ডের প্রধান ও  কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. কামদা প্রসাদ সাহার প্রেরিত ওই চিঠিটি রবিবার সিআইডির তদন্ত কর্মকর্তার নিকট পৌঁছে। ওই পত্রটি অবগতির জন্য কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত ও কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষের নিকট প্রেরণ করা হয়। ওই পত্রে তিনি সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্তের জন্য পুনরায় কবর থেকে লাশ উত্তোলনের পর তদন্ত সংস্থা সিআইডি কর্তৃক সংগৃহীত নমুনার ডিএনএ অ্যানালাইসিস ও পরীক্ষার প্রতিবেদন চেয়েছেন।
 
এ বিষয়ে সন্ধ্যায় ডা. কামদা প্রসাদ সাহা জানান, দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন দাখিলের স্বার্থেই সিআইডির নিকট ডিএনএ প্রতিবেদন চাওয়া হয়েছে। সহসাই দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন দেয়া হবে বলে তিনি জানান।