হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে পাঁচজন ক্যন্সার আক্রান্ত রোগীকে চিকিত্সা সহায়তার ২ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির তার কার্যালয়ে এ চেকগুলো হস্তান্তর করেন। এ সময় শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা আবু নাঈম মৃধাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সহায়তা প্রাপ্তরা হলেন শহরের যশেরআব্দা এলাকার মৃত আবুধন সরকারের ছেলে হরিধন সরকার, উত্তর শ্যামলী এলাকার মৃত আজিজুল হকের ছেলে মোঃ রশিদ মিয়া, রামকৃষ্ণ মিশন রোড এলাকার প্রদীপ কুমার পালের মেয়ে শ্যামলী রানী পাল, নাতিরপুর এলাকার আলফজ আলীর ছেলে মমরাজ আক্তার ও মাহমুদাবাদ এলাকার মৃত হাসান আলীর মেয়ে ছায়া খাতুন।
সমাজসেবা কর্মকর্তা আবু নাঈম মৃধা জানান, উল্লিখিত সকলেই দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে বিভিন্নস্থানে চিকিত্সাধীন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পাঁচটি বিশেষ রোগের আর্থিক সহায়তা প্রকল্পের আওতায় এদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে। অসুস্থদের পক্ষ থেকে তাদের পরিবারের সদস্যরা চেক গ্রহণ করেন।
