নগর সংস্কৃতি

শিল্পীর তুলিতে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন

আপডেট : ১৬ মে ২০১৬, ০০:৫৭
শিল্পীর রং-তুলিতে উঠে এলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের সেই ঐতিহাসিক বিষয়টি। সেই সঙ্গে একঝাঁক শিল্পীর ক্যানভাসে উদ্ভাসিত হলো প্রধানমন্ত্রীর সংগ্রামী জীবনের চিত্র ও উন্নয়ন বিষয়ের দৃশ্যকাব্য। এই তিনটি বিষয় ধারণ করে গতকাল রবিবার দিনব্যাপী শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় অনুষ্ঠিত হলো ৩৫ জন বিশিষ্ট শিল্পীর অংশগ্রহণে চিত্র কর্মশালা। এ কর্মশালায় ছবি এঁকেছেন চিত্রশিল্পী সমরজিত্ রায় চৌধুরী, আব্দুল মান্নান, রণজিত্ দাস, অলকেশ ঘোষ, গোলাম ফারুক বেবুল, নাসিম আহমেদ নাদভী, শাহজাহান আহমেদ বিকাশ, মো. আলপ্তগীন, কামাল উদ্দীন, কনক চাঁপা চাকমা ও আতিয়া ইসলাম এ্যানিসহ ৩৫ জন চিত্রশিল্পী। কর্মশালায় চিত্রিদ চিত্রকর্ম নিয়ে পরবর্তীতে প্রদর্শনীর আয়োজন করা হবে।
 
নানা আয়োজনে দেশ সাহিত্য উত্সব
 
দেশ সাহিত্য উত্সবে নতুন বইয়ের মোড়ক উন্মোচন আর লেখকদের পান্ডুলিপি পুরস্কার প্রদানের মাধ্যমে সাহিত্যপ্রেমীদের জমজমাট মিলনমেলা বসেছিল শিল্পকলায়। দেশ পাবলিকেশন্সের আয়োজনে এ উত্সব অনুষ্ঠিত হয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে।
 
বরেণ্য সাংবাদিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর ‘মুক্তি-সংগ্রামে স্বাধীন বাংলা বেতার’ ও ‘যেন ভুলে না যাই’ শিরোনামে দুইটি বইয়ের পাঠ উন্মোচন, দেশ পান্ডুলিপি পুরস্কার প্রদান, কথামালা আর গান-কবিতার মধ্য দিয়ে উত্সবটি উদ্্যাপিত হয়। অনুষ্ঠানে ২০১৪ সালের দেশ পান্ডুলিপি পুরস্কার পেয়েছেন বিকাশ মজুমদার, চরু হক, হাসান জাহিদ, অরুণ কুমার বিশ্বাস, মুহাম্মদ বদরুল আলম, মাসুদ পারভেজ ও রিপনচন্দ্র মল্লিক। ২০১৫ সালের দেশ পান্ডুলিপি পুরস্কার পেয়েছেন কামাল লোহানী, সুমন্ত আসলাম, অদ্বৈত মারুত, তুষার কবির ও লিটন মহন্ত।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক আশফাকুর রহমান খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিত্ ঘোষ। অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন কামাল লোহানী। স্বাগত বক্তব্য রাখেন দেশ পাবলিকেশন্সের প্রকাশক অচিন্ত্য চয়ন।
 
উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীদের কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। এরপর শিল্পীদের কণ্ঠে পরিবেশিত হয় ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘আমরা পূর্ব পশ্চিমে’, ‘জনতার সংগ্রাম চলবেই’ ও ‘ধিতাং ধিতাং বলে’। আশরাফুল আলম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ পাঠ করেন।
 
অনুষ্ঠানে ড. আনিসুজ্জামান বলেন, কামাল লোহানীর ‘মুক্তি-সংগ্রামে স্বাধীন বাংলা বেতার’ বইটি পড়েছি। এ বইয়ে আমি প্রথমবারের মতো সিরাজগঞ্জের জয় বাংলা বেতার কেন্দ্র সম্পর্কে জেনেছি। সে সঙ্গে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পূর্বাপর বিবরণ গ্রন্থটিতে রয়েছে। সে সঙ্গে অনেক তথ্য পাওয়া গেছে। এ তথ্য থেকে শেখার-বোঝার অনেক বিষয় আছে।
 
কামাল লোহানী বলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অনেক বই রয়েছে, মুক্তিযুদ্ধভিত্তিক অনেক বইয়ের অধ্যায়েও উঠে এসেছে। তবে আমার মনে কিছু দ্বিধা ছিল, সব কথা বলা হচ্ছিল না। সে চিন্তা থেকেই এ বইটি লেখা। যাতে অনেক অপ্রিয় সত্য কথাও উঠে এসেছে।
 
‘আর্ট মেক আস হিউম্যান’
 
শিল্পী নাজিব তারেকের চলমান অনলাইন শিল্প প্রকল্প ‘আর্ট মেক আস হিউম্যান’। এই প্রকল্পের শিরোনামেই গতকাল থেকে মোহাম্মদপুরের সিক্স বাই সিক্স গ্যালারিতে শুরু হলো প্রদর্শনী। বিকেলে নতুন এই প্রদর্শনালয়ে অনুষ্ঠিত প্রদর্শনীর সূচনা হয়। পক্ষকালব্যাপী এ প্রদর্শনীতে প্রতিদিন বিকেলে একজন করে বিশিষ্ট শিল্পী ও কবি নাজিব তারেকের শিল্পকর্ম নিয়ে আলোচনা করবেন।
 
প্রথম দিনের প্রদর্শনীতে নাজিব তারেকের শিল্পকর্ম নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডিন ও চিত্রশিল্পী আবুল বারক্্ আলভী। এছাড়া প্রদর্শনীর বাকি দিনগুলো নাজিব তারেকের শিল্পকর্ম নিয়ে আলোচনা করবেন শিল্পী মাহমুদুল হক, রোকেয়া সুলতানা, নিসার হোসেন, শিশির ভট্টাচার্য, লালা রুখ সেলিম, মুস্তাফা জামান, নাসিমুল কবির ডিউক এবং কবি মারুফ রায়হান, শোয়েব জিবরান ও কবির হুমায়ুন।
 
আগামী ২৫ মে পর্যন্ত চলবে প্রদর্শনী। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত দশটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
 
আজ চারুকণ্ঠের ‘মা, আমার মা’
 
মা দিবস উপলক্ষে চারুকণ্ঠ আবৃত্তি সংসদ কর্তৃক আজ সোমবার সন্ধ্যায় সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে মঞ্চস্থ হবে ‘মা, আমার মা’ শীর্ষক আবৃত্তি প্রযোজনা। প্রযোজনাটি গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী। এতে অংশ নেবেন নিরঞ্জন অধিকারী, জি এম মোর্শেদ, আনোয়ার পারভেজ, ফারজানা রোজি, গুলশান আরা লুনা ও তাবাস্সুম মুন্নী।