পঞ্চগড়ে নির্বাচন পূর্ব সহিংসতায় দুই শিশু শিক্ষার্থী আহত হয়েছে। প্রতিপক্ষের লোকজনের আঘাতে আহত শিশুদের আশঙ্কাজনক অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৫ মে) রাত সাড়ে ৯টায় জেলার সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের পুড়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মাগুড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য প্রার্থী গোলাম রব্বানী রবিউল প্রধানের মেয়ে তাসলিন আক্তার (৯) ও একই এলাকার আনিছুর রহমানের মেয়ে আশা (১০)। তাসলিন শিশুতোষ আদর্শ কিন্ডার গার্টেন নামে স্থানীয় এক স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী এবং আশা পুড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় পুড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে মাগুড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী রবিউল প্রধানের ফুলবল প্রতিক নিয়ে মিছিল করছিল তার মেয়ে তাসলিনসহ কয়েকজন শিশু। এ সময় ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও টিউবওয়েল প্রতিকের প্রার্থী বারজুল হুদা বাদলের ছেলে সুমন (১৮), ভাই শামসুল হক (৩০) ও ভাগনে আবুল (১৮) হঠাৎ শিশুদের মিছিলের ওপর হামলা করে। তাদের বাঁধা দিলে গোলাম রব্বানী রবিউল প্রধানের মেয়ে তাসলিন ও তার সহপাঠী আশার গলা টিপে ধরে মারধর করে তারা। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক এস এম মাহবুব-উল আলম জানান, ওই দুই শিশু শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। তবে তাদের শারীরিক নির্যাতনে চেয়ে মানসিকভাবে বেশি নির্যাতন করা হয়েছে। এতে তারা খুব ভয় পেয়েছে বলে মনে হচ্ছে। তবে বর্তমানে তারা আশঙ্কামুক্ত বলে তিনি জানান।
উল্লেখ্য আগামী ২৮ মে পঞ্চম দফায় পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নসহ ১০টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৮ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
