কানাডার আলবার্তে প্রদেশের সরকার ফোর্ট ম্যাকমেরি শহরের বাসিন্দাদের জন্য মোবাইল অ্যাপস চালু করেছে। তাদের পুড়ে যাওয়া বাড়ির ছবি স্যাটালাইটের মাধ্যমে দেখার জন্য এই অ্যাপস চালু করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। পুড়ে যাওয়া বাড়িগুলোর উন্নয়ন কাজ স্যাটালাইট মাধ্যমে যেন তারা দেখতে পারে সে জন্য এই ব্যবস্থা করা হয়েছে।
আলবার্তের মিউনিসিপলস বিষয়ক মন্ত্রী ডেনিয়েল লারভি অ্যাপসটি প্রকাশের পর জানিয়েছেন, স্যাটালাইট চিত্রে নিজের পুড়ে যাওয়া বাড়ি দেখাটা বেশ কষ্টকর। কিন্তু বাড়ি মালিকদের তাদের বাড়ি সম্পর্ক স্পষ্ট তথ্য দিতেই এই ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, আলবার্তে প্রদেশের বনে আগুন লাগার পর নিরাপত্তার জন্য ফোর্ট ম্যাকমেরি শহরের ৮০ হাজার বাসিন্দাকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়। তাদের অধিকাংশ এখনও শরণার্থীদের মত অবস্থান করছে ভিন্ন এলাকায়। তাদের শহরের ২৪০০ ঘর এবং স্থাপনা আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে।
আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের শহরে ফিরিয়ে নেয়ার পরিকল্পনা হচ্ছে বলে জানায় আলবার্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। বিবিসি।
