ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুরু চৌধুরী (৪৫) উপজেলার চম্পকনগর ইউনিয়নের নুরপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সোমবার সকাল আটটায় স্থানীয়দের খবরে চম্পকনগরের নুরপুর বিলের কাছ থেকে নুরুর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের চাচাত ভাই হাজি রমজান আলি চৌধুরী জানান, ইউপি নির্বাচন নিয়ে ধনু মেম্বার ও আব্দুল লতিফ চৌধুরীর কর্মী-সমর্থকদের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় একাধিক মামলাও হয়েছে। তবে সোমবার রাতে স্থানীয়ভাবে এ ব্যাপারে মীমাংসা হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই আব্দুল লতিফ চৌধুরীর সমর্থক নুরু চৌধুরীকে রাতে কোনো এক সময় হত্যার পর লাশ প্রতিপক্ষরা বিলের কাছে ফেলে যায়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
