নারায়ণগঞ্জের সাত খুন মামলার সাক্ষ্য ও জেরা চলছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এ কার্যক্রম শুরু হয়।
এর আগে আজ সকাল ৯টার মধ্যে প্রধান আসামি সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের সাবেক সহসভাপতি কাউন্সিলর নূর হোসেন, র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, কমান্ডার এম এম রানা ও মেজর আরিফ হোসেনসহ ২৩ আসামিকে আদালতে আনা হয়।
২০১৪ সালের ২৭ এপ্রিল প্যানেল মেয়র কাউন্সিলর নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজন নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোড থেকে অপহৃত হন। এর তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে ছয়জনের, পরদিন আরো একজনের লাশ ভেসে ওঠে।
