রবিবার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের কারণে বেনাপোল বন্দরের সঙ্গে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বেনাপোল বন্দর থেকে পচনশীল পণ্যসহ বিভিন্ন ধরনের মালামাল খালাশ বন্ধ রয়েছে।
বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে ভারত থেকে আমদানি করা ৪১ ট্রাক পিঁয়াজ, ৫ ট্রাক পান ও ৩ ট্রাক মাছ খালাশ বন্ধ হওয়ায় পচন ধরতে শুরু করেছে। বন্দর ও কাস্টমস’র অভ্যন্তরে কাজকর্ম চলছে।
বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি বাণিজ্য রয়েছে স্বাভাবিক। তবে ভারত থেকে আসা শতশত পাসপোর্ট যাত্রীরা আটকা পড়েছে বেনাপোল বন্দর এলাকার বিভিন্ন পরিবহন কাউনটার ও হোটেলগুলোতে। বৃদ্ধ ,নারী ও শিশুসহ ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীরা নানা দুর্ভোগের শিকার হচ্ছে।
পরিবহন শ্রমিকরা বেনাপোল বন্দরের প্রধান সড়কে আমদানি ও রফতানিকৃত পণ্য বোঝাই ট্রাক পরিবহনে বাধা দিচ্ছে। বন্দর এলাকায় ভারতে রফতানির অপেক্ষায় শতশত পণ্য বোঝাই ট্রাক আটকা পড়েছে।
বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ওসি তরিকুল ইসলাম জানান, পরিবহন ধর্র্মঘটের কারণে ঢাকা কলকাতা ও ঢাকা আগরতলা বাস চলাচল করছে না। তবে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
