ইত্তেফাক রিপোর্ট
উত্তরা ৪ নম্বর সেক্টরের শায়েস্তা খাঁ এভিনিউর কসাইবাড়ি থেকে সুইচ গেইট পর্যন্ত ডিএনসিসির ড্রেনের উপর এবং ড্রেনের দুইপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধভাবে নির্মিত ১৫০টি কাঁচা ও সেমিপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। এই অঞ্চলে জলাবদ্ধতা দূরীকরণের অংশ হিসাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের ফলে প্রায় ২৫ হাজার বর্গফুট এলাকা দখলমুক্ত হয়।
উল্লেখ্য, জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম ওই এলাকা গত ১২ মার্চ পরিদর্শন করেন এবং এ সকল অবৈধ স্থাপনা ২ দিনের মধ্যে সরিয়ে ফেলার সময় দিয়েছিলেন। ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।
