পঞ্চম দফার ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীদের কাছ থেকে ঘুষ নেয়ার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে জিডি করেছেন উপজেলার চার রির্টানিং কর্মকর্তা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফরিদপুর প্রেসক্লাব।
সম্প্রতি ফরিদপুরের সালথা উপজেলার ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী ‘উপজেলার চার রির্টানিং কর্মকর্তা মনোনয়ন পত্র দাখিলের সময় ঘুষ গ্রহণ করেন’ বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে এই সংবাদ ইত্তেফাক অনলাইনসহ দেশের বেশ কয়েকটি জাতীয় ও আঞ্চলিক দৈনিকে গুরুত্বের সঙ্গে ছাপা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওই চার রির্টানিং কর্মকর্তা দৈনিক ইত্তেফাকের সালথা উপজেলা সংবাদদাতা নুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া অভিযোগে স্থানীয় থানায় জিডি করেন।
এ ঘটনায় ফরিদপুরে কর্মরত সকল সাংবাদিকের মধ্যে ক্ষোভ দেখা দিলে জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নিন্দা জানানোসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।
জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় এ নিন্দা জানান। সেই সঙ্গে জিডি প্রত্যাহারসহ ঘুষ গ্রহণকারী চার রির্টানিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়।
অন্যদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফরিদপুর রিপোটার্স ক্লাব।
রিপোটার্স ক্লাবের সভাপতি শেখ ফয়েজ আহম্মেদ জানান, সত্য প্রকাশ করলেই সাংবাদিকের উপর হামলা-মামলা করা হবে। এসব আর মেনে নেয়া হবে না। ঐক্যবদ্ধ হয়ে এসব প্রতিরোধ করতে হবে।
