নেত্রকোনার পূর্বধলায় নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে গত রবিবার রাতে এক স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মীসমর্থককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর হোসেন সজল এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার হোগলা ইউনিয়নের দামপাড়া গ্রামের মৃত এম এ হাকিম খানের ছেলে আতিকুর রহমান খান উজ্জল (৩১), তার ছোট ভাই মিনহাজুল খান লিটন (২৫) ও একই গ্রামের মৃত শহর আলীর ছেলে আল-আমিন (২৭)।
জানা গেছে, পূর্বধলায় ২৮মে ইউপি নির্বাচনকে সামনে রেখে রবিবার সন্ধ্যায় উপজেলার হোগলা ইউনিয়নের দামপাড়া গ্রামে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ইসলাম উদ্দিন সরকারের কর্মী-সমর্থকরা প্রচারণা চালানোর সময় তাদের ওপর হামলা চালায় স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম আকন্দের কর্মী-সমর্থকরা। এ সময় আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর লোকজন স্বতন্ত্র প্রার্থীর কর্মীদেরকে ধাওয়া করলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক দামপাড়া গ্রামের আতিকুর রহমান খান উজ্জলসহ তার সঙ্গীরা একই গ্রামের নজরু মাস্টারের বাড়িতে আশ্রয় নেয়।
এ সময় উত্তেজিত জনতা নজরু মাস্টারের বাড়ি ঘেরাও করে তাদের অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উজ্জল ও তার ভাই লিটন এবং আল-আমিনকে উদ্ধার করে। পরে ভ্রাম্যমান আদালত তাদের নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন।
