গাজীপুরে পিটিয়ে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ.কে.এম এনামুল হক এই রায় ঘোষণা করেন। একই তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আসামির নাম মোঃ রাসেল (৩০) গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের গোলচালা গ্রামের মৃত জহুর উদ্দিনের ছেলে।
গাজীপুর আদালতের পিপি মোঃ হারিছ উদ্দিন আহম্মদ জানান, পূর্ব শত্রুতার জের হিসেবে ২০১০ সালের ২১ সেপ্টেম্বর দুপুরে শ্রীপুরের ভেরামতলী পাগলার বাজারে পৌঁছলে রাসেলের নেতৃত্বে আসামিরা মেছের আলীকে (৪৫) বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় মাওনা এলাকার একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরদিন স্বজনরা তাকে ঢাকার লালমাটিয়াস্থ একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। চিকিত্সাধীন অবস্থায় ২৩ সেপ্টেম্বর রাতে মেছের আলী মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে জমির উদ্দিন বাদী হয়ে রাসেলসহ চারজনের নামে এবং অজ্ঞাত আরো ৫-৬জনকে আসামি করে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার প্রধান আসামি রাসেলকে গ্রেফতার করে। পরে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার তত্কালীন এসআই আব্দুর রাজ্জাক তদন্ত শেষে রাসেলকে অভিযুক্ত করে ঐ বছরের ৩১ ডিসেম্বর গাজীপুরের আদালতে চার্জশিট দাখিল করেন। ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ উপরিউক্ত আদেশ দেয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন গাজীপুর আদালতের পিপি মোঃ হারিছ উদ্দিন আহম্মদ এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোঃ শহীদুল ইসলাম।
