পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রেনু বেগম (৪০) উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী।
সোমবার সকালে উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রাম থেকে রেনু বেগমের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে স্বামী ইদ্রিস আলী পলাতক রয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, স্ত্রী রেনু বেগম ও স্বামী ইদ্রিস আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বৈরিতা চলছিল। এর জের ধরে প্রায়ই স্ত্রীকে মারধর করত ইদ্রিস।
তাদের দাবি, স্বামীর মারধরে স্ত্রী রেনু মারা গেছেন।
নিহতের মামা শিক্ষক আলী হায়দার জানান, রেনু বেগমের শরীরে আঘাতের চিহ্ন আছে।
নিহতের ছেলের বউ মোসা. সোনিয়া বেগমের দাবি, বিষপানে রেনু বেগম আত্মহত্যা করেছেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। রিপোর্টের ভিত্তিতে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
