গ্যাসের মূল্য বাড়ালে আন্দোলনের হুমকি ওয়ার্কার্স পার্টিরও

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২২:৩৫

ইত্তেফাক রিপোর্ট

জ্বালানি গ্যাসের মূল্য বাড়ানো হলে সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের পর এবার ব্যাপক আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছে খোদ ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল শরিক ওয়ার্কার্স পার্টিও। গতকাল সোমবার রাজধানীর ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে দলের ঢাকা মহানগর কমিটির সভায় এই হুমকি দেওয়া হয়।

ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে ষড়যন্ত্রমূলকভাবে গ্যাসের মূল্য বৃদ্ধির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করা হয়। রেগুলেটরি কমিশন কর্তৃক অনুষ্ঠিত শুনানিতে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান করে গ্যাসের মূল্যবৃদ্ধির চেষ্টা প্রতিহত করার কথা বলা হয় সভায়। সভায় বক্তারা বলেন, একদিকে গ্যাস ব্যবহারকারী নাগরিক সঠিকভাবে সময়মতো গ্যাস পান না, অপরদিকে চুলাপ্রতি এই মূল্যবৃদ্ধি স্বাভাবিকভাবে তাদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে। 

সভায় কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সভাপতি রাশেদ খান মেনন এমপি। এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কিশোর রায়, ঢাকা মহানগর সম্পাদকমন্ডলীর সদস্য তৌহিদুর রহমান, মহানগর কমিটির সদস্য বেনজির আহমেদ, মুর্শিদা আখতার নাহার, জাহাঙ্গির আলম ফজলু, কাজী আনোয়ারুল ইসলাম টিপু, মুতাসিম বিল্লা সানি প্রমুখ।