সোনা চোরাচালান মামলায় চট্টগ্রামে একজনের যাবজ্জীবন

আপডেট : ১৬ মে ২০১৬, ১৮:২৪
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০টি সোনার বারসহ আটক এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
 
সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আবদুস শুক্কুর (৫০) ফটিকছড়ি উপজেলার কাঞ্চনপুর এলাকার আনা আহমেদের ছেলে।
 
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন বলেন, স্বর্ণ চোরাচালানের অভিযোগে করা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আবদুস শুক্কুরকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের সাজার আদেশ দেন বিচারক। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
 
গত বছরের ২২ এপ্রিল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাস্কাট থেকে এসে নামেন আবদুস শুক্কুর। পরে শুল্ক গোয়েন্দারা তার লাগেজে থাকা চার্জ লাইট ও দেহ তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করেন।