চীন সফরে গিয়েছেন মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল প্রধান টিম কুক। যাত্রী সেবাদাতা চীনা প্রতিষ্ঠান দিদি ছুসিংয়ে শতকোটি ডলার বিনিয়োগের চুক্তির ঘোষণার পরদিনই সোমবার চীনে গেলেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের পর প্রতিষ্ঠানটির সর্ববৃহৎ বাজার চীনে নিজেদের ব্যবসায়ের মন্দা অবস্থা পুনরায় উজ্জীবত করার উদ্দেশ্যে তিনি এ সফর করলেন বলে জানা গেছে। ব্যবসায় মন্দা, চীনে কিছু সেবা বন্ধ করে দেওয়া আর ট্রেডমার্ক বিষয়ক মামলায় হার, সব মিলিয়ে সময়টা ভালো কাটছে না অ্যাপলের। চলতি মাসের শুরুতে ঠিক এমন সময় কুকের চীন সফরের খবর প্রকাশ হয়। চীন সফরে কুক দেশটির সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে সে সময় জানা যায়।
সোমবারের সফরে চীনের রাজধানী বেইজিংয়ে একটি অ্যাপল স্টোরে দিদি ছুসিংয়ের প্রেসিডেন্ট জিন লিউ-এর সঙ্গে সাক্ষাৎ করেন কুক, জানিয়েছে চীনা যাত্রী সেবাদাতা প্রতিষ্ঠানটি। কুক জানিয়েছেন, এই বিনিয়োগের মাধ্যমে অ্যাপল চীনের সংকটপূর্ণ বাজার বুঝতে সক্ষম হবে। অন্যদিকে আরেক খবরে জানা যায়, ২০১৮ সালে দিদি মার্কিন যুক্তরাষ্ট্রে নিজেদের শেয়ার ছাড়তে যাচ্ছে- এই পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির সূত্রে এমন খবর পাওয়া গেছে।
দুই প্রতিষ্ঠান প্রধানের বৈঠকে মেইতুয়ান-দিয়ানপিংসহ অন্যান্য অ্যাপভিত্তিক প্রতিষ্ঠানের নির্বাহীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে অ্যাপল এখনও কোনো মন্তব্য করেনি। ওয়াল স্ট্রিট জার্নাল।
