সিলেটে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সমাবেশে হামলা ও সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিমকে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুকে (৩২) জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সোমবার দুপুরে হিরণ মাহমুদ নিপুকে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরোর আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
রবিবার রাত ১১টায় শহরতলীর বালুচর এলাকা থেকে হিরণকে গ্রেফতার করে শাহপরান থানা পুলিশ। তার বিরুদ্ধে এমসি কলেজে মারামারি ঘটনায় দায়ের করা একটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। এছাড়া, কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে একটি নন জিআর মামলা রয়েছে।
