তৃতীয়বারের মতো শুরু বিচ ফুটবল

আপডেট : ১৬ মে ২০১৬, ২০:১৩
তৃতীয়বারের মতো শুরু হলো বিচ ফুটবল টুর্নামেন্ট। সোমবার কক্সবাজারের লাবনী পয়েন্টে ‘ওয়ালটন তৃতীয় কক্সবাজার বিচ ফুটবল টুর্নামেন্ট-২০১৬’ শুরু হয়।
 
তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ১৮ মে পর্যন্ত। কক্সবাজারের লাবনী পয়েন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী।
 
আরো উপস্থিত ছিলেন আয়োজক কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল বিষয়ক সম্পাদক এবং ওয়ালটন তৃতীয় বিচ ফুটবল টুর্নামেন্ট কমিটির সম্পাদক রাশেদ হোসেন নান্নু।
 
উদ্বোধনী দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে ইয়াংমেন্স ক্লাব ৩-১ গোলে হারায় বাঁশাকাটা খেলোয়াড় সমিতিকে। দ্বিতীয় ম্যাচে ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ ৭-৪ গোলে হারায় মালুমঘাট ক্রীড়া সংঘকে। তৃতীয় ম্যাচ শতদল ক্লাব ৭-৫ গোলে পরাজিত করে ফুটবল ক্লাব মহেশখালীকে। আর চতুর্থ ম্যাচে কক্সবাজার আবাহনী ৪-১ গোলে হারায় কোটবাজার খেলোয়াড় সমিতিকে।
 
এই জয়ের মধ্য দিয়ে ইয়াংমেন্স ক্লাব, ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ, শতদল ক্লাব ও কক্সবাজার আবাহনী সেমিফাইনালে উন্নীত হয়েছে। মঙ্গলবার দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
 
এবারের টুর্নামেন্টে কক্সবাজার জেলার ৮টি দল এই টুর্নামেন্টে অংশ নিবে। দলগুলো হল- কক্সবাজার আবাহনী ক্রীড়া চক্র, ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ, মালুমঘাট ক্রীড়া সংঘ, ইয়ংমেন্স ক্লাব, কোটবাজার খেলোয়াড় সমিতি, ফুটবল ক্লাব মহেশখালী, বাঁশকাটা খেলোয়াড় সমিতি ও শতদল ক্লাব।