বগুড়ার নবাববাড়ি সংরক্ষণে গেজেট প্রকাশ

আপডেট : ১৬ মে ২০১৬, ২২:৪০
অবশেষে বগুড়ার ঐতিহ্যবাহী নবাববাড়ি সংরক্ষণের সরকারি সিদ্ধান্তের ব্যাপারে সরকারের বিজ্ঞাপ্তিটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
 
১২ মে এই গেজেটটি প্রকাশ করা হয়। নিয়ম অনুযায়ী এটি বগুড়া জেলা প্রশাসক ও প্রত্নতত্ত্ব বিভাগের কাছে পাঠানো হয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক নাহিদ সুলতানা জানিয়েছেন, সোমবার দুপুরে তিনি এ সংক্রান্ত চিঠি পেয়েছেন। এখন নিয়ম অনুসারে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
 
প্রত্নতত্ত্ব বিভাগ সুত্র জানায়, নিয়ম অনুযায়ী এখন ঐতিহাসিক এই স্থানটি সংরক্ষণের জন্য নীল রঙ্গের নোটিশ টাঙ্গিয়ে দেয়া হবে। একই সাথে এই ভবনটির যাতে কোন পরিবর্তন পরিবর্ধন না হয় সেদিকও খেয়াল রাখবে প্রত্নতত্ত্ব  বিভাগ। এর আগে সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছানিয়া আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয় ভবনটি পুরাকীর্তি হিসেবে সরকারি ভাবে সংরক্ষণের সিদ্ধান্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে সংস্কৃতি মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারি করে তা গেজেট আকারে প্রকাশের জন্য বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে পাঠিনো হয়েছে। সরকারি এই নির্দেশনা গত ৩ মে বগুড়া জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের হাতে এসে পৌছে।
 
উল্লেখ্য, নওয়াব প্যালেস ওয়াক্ফ সম্পত্তি হলেও এটিকে ব্যক্তি মালিকানা দেখিয়ে নওয়াব পরিবারের দুই উত্তরসূরি সৈয়দ হামদে আলী ও সৈয়দ হাম্মাদ আলীর কাছ থেকে গত ১৫ এপ্রিল ছুটির দিনে বিশেষ ব্যবস্থাপনায় ঢাকায় বসে দলিল সম্পাদন করে নেন বগুড়ার তিন ব্যবসায়ী। ১ একর ৫৫ শতকের মহামূল্যবান এই প্রাচীন স্থাপনাকে সাধারণ বসতবাড়ি উল্লেখ করে দলিলে মাত্র ২৭ কোটি ৪৫ লাখ টাকা মূল্য দেখানো হয়। এরপর বিষয়টি জানাজানি হলে বগুড়ার বিভিন্ন সামাজিক সাংস্তৃতিক ও ঐতিহ্য রক্ষা কমিটি আন্দোলন শুরু করে।