গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট : ১৭ মে ২০১৬, ০১:৪০
গাজীপুর মহানগরীর ভোগড়া বাসন সড়ক এলাকায় আলেমা টেক্সটাইল নামে একটি পোশাক তৈরীর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জয়দেবপুর, টঙ্গী, সাভার, ইপিজেডসহ বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১টায় আগুন নিয়ন্ত্রণে আসেনি।
কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে ৭ তলা ভবনের ওই পোশাক কারখানাটির সবার উপরের তলায় আগুনের সূত্রপাত হয়। মূহূর্তের মধ্যেই তা পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। ওই তলায় কারখানার তৈরী করা পোশাক শিপমেন্টের জন্য অপেক্ষমান ছিল। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোঃ আক্তারুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানো কাজ করে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কি পরিমাণ সময় লাগবে তা বলা যাচ্ছে না। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।