৮০০ টাকায় ফোন!

আপডেট : ১৭ মে ২০১৬, ১০:২০
হংকংভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সসান হোল্ডিংস ভারতে তাদের নিজস্ব মোবাইল ব্র্যান্ড উন্মোচন করতে চলেছে। আইটেল মোবাইল নামের ওই ব্র্যান্ড ইতোমধ্যে আফ্রিকার মতো দেশে জমিয়ে ব্যবসা করেছে। এমনকি, আফ্রিকায় সব থেকে বেশি মানুষ এই প্রতিষ্ঠানেরই মোবাইল ব্যবহার করেন। প্রতিষ্ঠানটির দাবি, ২০০৭ সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত তাদের ৭০ মিলিয়নেরও বেশি ডিভাইস বিক্রি হয়েছে।
 
প্রতিষ্ঠানটির আরও দাবি, ফিচার ও স্মার্টফোন- দুই বিভাগেই গ্রাহকদের চাহিদা পূরণের ক্ষমতা রয়েছে তাদের। মাত্র ৮০০ টাকা থেকে শুরু হচ্ছে প্রতিষ্ঠানটির মোবাইলের দাম।
 
চলতি বছরই প্রথম দফায় ভারতের উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, গুজরাটে আইটেলের ফোনের বিক্রি শুরু হবে। পরের দফায় মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে বিক্রি শুরু হবে।
 
ভারতে জনপ্রিয়তা পেলে বাংলাদেশ ও পাকিস্তানের মতো দেশে মোবাইল ফোন বিক্রি করবে আইটেল।
 
আইটেল ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুধীর কুমার বলেন, 'ভারতে মোবাইল ফোনের বাজার ভবিষ্যতে আরও বড় হবে। সেই বাজারে আমাদের নতুন ফোন মানুষের কাছে চেনানো দরকার। একদিকে কম দাম ও অন্যদিকে সেরা গুণমান ভারতের বাজারে আমাদের জনপ্রিয়তা বৃদ্ধি করবে বলেই বিশ্বাস।'
 
আপাতত তিন মডেলের ফিচার ফোন ভারতের বাজারে উন্মোচন করার পরিকল্পনা রয়েছে আইটেলের। মডেল তিনটি হলো স্মার্ট সেলফি, স্মার্ট পাওয়ার ও শাইন। পাশাপাশি মার্শম্যালো আপডেট, ডুয়াল সিম, ডুয়াল ক্যামেরা-সহ ফোর-জি ফোনও ভারতের বাজারে আনবে হংকংয়ের এই প্রতিষ্ঠানটি।
 
প্রতিটি ফোনে মিলবে এক বছরের রিপেয়ারিং ওয়্যারেন্টি ও ১০০ দিনের রিপ্লেসমেন্ট ওয়্যারেন্টি। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।