রাজশাহীর তানোর উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মুক্তার হোসেন (৩০) উপজেলার হারদো সেলিমপুর গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার সকালে ওই গ্রামের একটি আমবাগানে স্থানীয়রা মুক্তারের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, সোমবার দিনগত রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই যুবকের পিঠে ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে।’
