বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে ভারতে দেখা হওয়ার পর 'কোন গোপন কথা হয়নি' বলে জানিয়েছেন ইসরাইলের রাজনীতিবিদ মেন্দি এন সাফাদি। বিবিসির বাংলার সঙ্গে ফোন আলাপে তিনি এ কথা বলেন।
বিবিসির প্রতিবেদক ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য সাফাদির সঙ্গে টেলিফোনে কথা বললে সেখানে সাফাদি দাবি করেছেন, আসলামের সঙ্গে প্রকাশ্য অনুষ্ঠানে দেখা হলেও তাদের মধ্যে 'কোনও গোপন বিষয়ে' কথা হয়নি।
এই ইসরায়েলিকে উদ্ধৃত করে বিবিসি বাংলা লিখেছে, 'বাংলাদেশের পরিস্থিতি, সেখানে সংখ্যালঘুদের অবস্থা এগুলো সবাই জানেন – আমরা দুজনে সে সব নিয়েই কথা বলেছি, তাও সেটা একটা প্রকাশ্য অনুষ্ঠানে। আমরা বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা করছিলাম বা সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছিলাম এর চেয়ে হাস্যকর কিছু হতেই পারে না।'
এ সময় তিনি বিবিসিকে পাল্টা প্রশ্ন করে বলেন, 'সরকার ফেলার চক্রান্ত একটা প্রকাশ্য অনুষ্ঠানে করা হচ্ছে, তারপর আবার চক্রান্তকারীরা হাসিমুখে তাদের ছবি ফেইসবুকে পোস্ট করেছেন, এ জিনিস কোথাও আবার হয় না কি?'
সাফাদি ইসরায়েলের বর্তমান সরকারের উপমন্ত্রী এম কে আয়ুব কারার একজন সাবেক উপদেষ্টা। তিনি নিজের নামে মেন্দি এন সাফাদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড পাবলিক রিলেশনস প্রতিষ্ঠানটি চালান। বিবিসি।
